নাটোরে ট্রাকে পেট্রলবোমায় আহত ২
নাটোরের আহম্মদপুর সেতুর পাশে আজ বৃহস্পতিবার একটি ট্রাক লক্ষ্য করে ছোড়া পেট্রলবোমার আগুনে চালক ও সহকারী আহত হয়েছেন। নাটোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
আহত হলেও চালক আশরাফুল ইসলাম (৩৫) ও সহকারী বাবুল হোসেনকে (২৮) হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়েনি।
নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি রাজশাহীর বানেশ্বর থেকে নগরবাড়ীতে সার আনতে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে আহম্মদপুর সেতুর কাছে এটি দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলার শিকার হয়। দুর্বৃত্তরা সড়কের দক্ষিণ পাশ থেকে ট্রাকের সামনের কাচের ওপর বোমাটি মারে। এ সময় ট্রাকটি দ্রুত থামিয়ে চালক আশরাফুল ও সহকারী বাবুল লাফিয়ে নিচে পড়ে যান। পরে দুর্বৃত্তরা আরও দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মী ও মহাসড়ক পুলিশ গিয়ে আগুন নেভায়। আগুনে চালকের মাথার কিছু অংশ ও সহকারীর পায়ের নিচের অংশ সামান্য ঝলসে গেছে।
বাবুল ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, ‘তিন থেকে চারজন যুবক হঠাৎ সড়কের ডান পাশ থেকে আগুন (পেট্রলবোমা) ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে নিচে পড়ে যাই। পরে দৌড় দিয়ে জীবন রক্ষা করি।’
ট্রাকের মালিক আবদুল মান্নান বলেন, ‘কৃষকের প্রয়োজনের কথা বিবেচনা করে ঝুঁকি নিয়েই ট্রাকটা সার আনার জন্য পাঠিয়েছিলাম। এখন সব শেষ।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।