নাটোরে দুই পক্ষের গুলিবিনিময়ে ২৮ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেড়াবাড়ি গ্রামের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল আটটার দিকে গোয়ালপাড়ার সাইফুল ইসলামের সমর্থকদের সঙ্গে মোল্লাপাড়ার আমজাদ হোসেনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। চার ঘণ্টাব্যাপী উভয় পক্ষের গুলিবিনিময় হয়। এতে নারীসহ ২৮ জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে জাহানারা বেগম, বাবু সরকার ও খুকুমণি নামের তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুপুরে একটি বন্দুক, অব্যবহৃত দুটি গুলি ও চারটি গুলির খোসা এবং একটি রামদাসহ গোয়ালপাড়ার প্রধান সাইফুল ইসলাম, তাঁর সহকারী দানেশ আলী ও আসালত প্রামাণিককে আটক করেছে। পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, বর্তমানে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।