নাটোরে দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার হালসা ফুলসড় এলাকায় আবুল খায়ের কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবু সাইদ (৩১) ও নলডাঙ্গা উপজেলার উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা (৩৬)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, আবু সাইদের পিঠে এবং মাসুদ রানার ডান হাতে গুরুতর জখম হয়েছে।

চিকিৎসাধীন দুই প্রকৌশলী জানান, গতকাল বিকেলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে হালসা ইউনিয়নের পারহালসা এলাকায় নির্মাণাধীন সেতুর ঢালাইকাজ তদারকি করতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে দুজন ফিরছিলেন একটি মোটরসাইকেলে করে। ফুলসড় এলাকার আবুল খায়ের কলেজের সামনে একটি মোটরসাইকেলে তিন যুবক পেছন থেকে এসে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।