নাটোরে দুই লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার পদ্মারচর থেকে জালাল উদ্দিন (২৫) নামের এক কলেজছাত্র ও সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সংশ্লিষ্ট থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

লালপুর থানা সূত্রে জানা গেছে, আজ সকালে দক্ষিণ লালপুরে পদ্মার চরের একটি আখখেতে জালালের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেছেন। জালাল উত্তর লালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। সাহেব আলী জানান, জালাল পাবনার একটি কলেজে স্নাতক (সম্মান) কোর্সের ছাত্র ছিলেন। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, সে ব্যাপারে তাঁরা কোনো ধারণাই করতে পারছেন না।

আজ বিকেলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জালালকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর মরদেহটি গুম করার চেষ্টা করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিংড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশের একটি খেতে এক তরুণীর লাশ পড়ে রয়েছে বলে আজ এলাকাবাসীর মাধ্যমে পুলিশ খবর পায়। এরপর সকাল নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। মরদেহটি খড়কুটো দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়। মরদেহের মুখমণ্ডল ঝলসানো অবস্থায় ছিল। তবে আগুন পুরো শরীরে লাগেনি। পরনে রয়েছে গোলাপি সালোয়ার–কামিজ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

আজ বিকেলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করার পর দুর্বৃত্তরা মরদেহটি ওই খেতে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি শনাক্ত করার জন্য আশপাশের থানাতে বেতারবার্তা পাঠানো হয়েছে।