নাটোরে দুই শিশুশ্রমিককে পিটিয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে একটি কারখানার মালিক দুই শিশুশ্রমিককে গত বৃহস্পতিবার পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মালিককে পুলিশ আটক করলেও অভিযোগ প্রত্যাহার করায় রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আহত শিশুরা হলো শিকারপুর গুচ্ছগ্রামের আবদুল খালেকের ছেলে মো. আরিফ (১২) ও জহুরুল ইসলামের ছেলে মো. লিখন (১০)। শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, রড দিয়ে পেটানোর কারণে লিখনের দুই হাত ও আরিফের বাঁ হাতে জখম হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আরিফ ও লিখন বলে, তারা চাঁচকৈড় বাজারে শিমুল শাহের মালিকানাধীন এসকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করে। বৃহস্পতিবার কাজে আসতে দেরি হয় তাদের। এ কারণে কারখানার শাটার (দরজা) বন্ধ করে লোহার পাইপ দিয়ে তাদের বেধড়ক পেটান শিমুল। একপর্যায়ে কারখানাতেই আটকে রাখা হয় তাদের। সেখান থেকে লিখন পালিয়ে যায়। পরে পুলিশ আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আবদুল খালেক ও জহুরুল ইসলাম বলেন, তাঁদের নিজেদের ভিটেবাড়ি নেই। গুচ্ছগ্রামে পরিবার নিয়ে বাস করেন। সংসারের অভাব ঘোচাতে ছেলেদের ওয়েল্ডিং কারখানায় কাজে লাগিয়েছেন। কিন্তু নানা অজুহাতে ছেলেদের শারীরিক নির্যাতন করা হতো। সর্বশেষ বৃহস্পতিবার শিমুল আবার নির্যাতন করেন। এ অভিযোগে বিকেলে থানায় অভিযোগ করেন আবদুল খালেক। এর পরিপ্রেক্ষিতে শিমুলকে আটক করেন উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান। পরে শিমুলের স্বজনদের সঙ্গে মীমাংসা করে রাতে অভিযোগটি প্রত্যাহার করেন।

জহুরুল ইসলাম বলেন, পারিপার্শ্বিক কারণে তাঁরা অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন।

শিমুল শাহ ওই দুই শিশুকে মারধরের কথা স্বীকার করে গতকাল শুক্রবার বলেন, ‘মন-মেজাজ ভালো ছিল না। তাই শাসন করেছি। রাতেই দেন-দরবার করে সুরাহা করেছেন আমার স্বজনেরা।’

এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাসের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি।