নাটোরে দুর্বৃত্তরা হাতের কবজি কেটে নিয়েছে
নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় আজ শনিবার সকালে দুর্বৃত্তরা সাইদুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির ডান হাতের কবজি কেটে নিয়েছে। দুর্বৃত্তরা তাঁর পায়ে ও শরীরের অন্যান্য স্থানেও কুপিয়ে গুরুতর জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাইদুর রহমান। হঠাৎ পাঁচ যুবক চাপাতি ও রামদা নিয়ে তাঁর ওপর হামলা চালান। দুর্বৃত্তরা তাঁর ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। একই সঙ্গে ডান পায়ের রগ কেটে ফেলেন এবং শরীরের অন্যান্য স্থানেও কুপিয়ে জখম করে পালিয়ে যান। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাঁকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ডান হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিচ্ছিন্ন হওয়া কবজিটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তির সঙ্গে তাৎক্ষণিক কথা বলে জানা গেছে, পাঁচ যুবক ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের কয়েকজনের নাম-পরিচয় জানা গেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হামলার শিকার সাইদুর রহমান এলাকার একজন চিহ্নিত চোরাকারবারি। হামলাকারীরাও চোরাচালানসহ চাঁদাবাজ চক্রের সদস্য। এসব বিষয় নিয়েই হামলার ঘটনা ঘটেছে।