নাটোরে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে তা ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই ছাত্রীর। এ ঘটনায় বখাটেদের শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বাজি ধরে সদর উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। সেই দৃশ্য ধারণ করে তার এক বন্ধু। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরে ১৬ জুলাই ঘটে যাওয়া ওই ঘটনাটি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে ২৫ জুলাই রাতে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা করে ওই ছাত্রীর পরিবার।
এদিকে এ ঘটনায় বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে দোষী লোকদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীরা এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। স্থানীয় লোকজন, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরাও চান, দোষীরা আইনের আওতায় আসুক।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য এলাকাবাসীকে নিয়ে সচেতনতা গড়ে তোলা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদাদ হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে যৌন হয়রানির মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।