নাটোরে পাওনা টাকা চাওয়ায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় এক যুবককে দেনাদারেরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। একই রাতে সিরাজগঞ্জের সদর উপজেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
বাগাতিপাড়ায় খুন হওয়া ব্যক্তির নাম আবদুল মালেক (৪০)। তিনি উপজেলার কাদিরাবাদ সেনানিবাসসংলগ্ন মিস্ত্রিপাড়ার রহমত উল্লার ছেলে। সিরাজগঞ্জে হত্যাকাণ্ডের শিকার হওয়া গৃহবধূর নাম মারুফা আক্তার (২০)। তিনি সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের আবদুল মমিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলার মাধববাড়িয়া এলাকার একটি জমি থেকে পুলিশ আবদুল মালেকের লাশ উদ্ধার করে। এই ঘটনায় তাঁর বাবা রহমত উল্লা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মালেকের স্ত্রী রানু বেগম অভিযোগ করেন, ব্যবসার প্রয়োজনে মিস্ত্রিপাড়ার পলাশ আলীর মাধ্যমে মালেকের কাছ থেকে আড়াই লাখ টাকা নেয় একই উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের মোজাম্মেল ফকিরের ছেলে মামুন ও তাঁর মেয়ে মুন্নী। সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে পলাশ গত বৃহস্পতিবার বিকেলে মালেককে রামাগাড়ী এলাকায় ডেকে নেয়। এরপর রাত ১০টার দিকে মোবাইলে মালেক তাঁর (স্ত্রী) সঙ্গে কথা বলেন। সকালে তাঁর লাশ পাওয়ার খবর পান তিনি।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আবদুল মালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, নয় মাস আগে রায়গঞ্জ উপজেলার সুবর্ণগাতী গ্রামের মাহমুদ আলমের মেয়ে মারুফা আক্তারের সঙ্গে সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মৃত ইহসানুল হকের ছেলে আবদুল মমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিশাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন মমিন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে নিশাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজের ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান মমিন। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নিশার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর নিশার শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।