নাটোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা
নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় গত রোববার রাতে দুর্বৃত্তরা এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে।
নাটোর সদর থানা সূত্র জানায়, তেলকুপি এলাকার আবদুর রহিমের স্বামী পরিত্যক্তা মেয়ে ফাইমা খাতুন (২৮) গত রোববার রাতে বাবার বাড়ি থেকে পাশের এক দোকানে তেল আনতে যান। এরপর আর ফিরে না আসায় তাঁর মা রোকেয়া বেওয়া ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাত একটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার পূর্বদিকে একটি আখের জমিতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। এ সময় তাঁর শরীরের নিচের অংশে কাপড় ছিল না। গলায় ওড়না জড়ানো ছিল। এ ছাড়া বুকে ও পিঠে লাঠির আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন আহম্মেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশ একই গ্রামের শরিফুল ইসলামকে (৫০) আটক করে।
নিহত ফাইমা খাতুনের মা রোকেয়া বেওয়া জানান, দীর্ঘদিন ধরে তাঁদের বাড়ির জমি নিয়ে পাশের শরিফুল ইসলামদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আদালতে মামলাও চলছে। গত রোববার শরিফুলদের পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তাঁর ধারণা, শরিফুল ইসলাম ও তার লোকজন তাঁর মেয়ে ফাইমাকে ধর্ষণের পর হত্যা করেছে।
ফাইমা জেলা প্রতিবন্ধী সংগঠন ‘নন্দন’-এর সদস্য ছিলেন। নন্দনের সভাপতি নাদিরা বেগম জানান, ফাইমা বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে তাঁদের সঙ্গে কাজ করেন। বাড়ির জমি নিয়ে যে বিরোধ হয় তা নিয়ে সংগঠনের পক্ষ থেকে আদালতে তাঁরা মামলা পরিচালনা করে আসছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। প্রাপ্ত আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে নির্যাতনের পর তাঁকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।