নাটোরে প্রতিমা ভাঙচুর, মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার ফুলতলা এলাকায় আজ বুধবার ভোরে শীতলা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার ভোরে নলডাঙ্গা উপজেলার শ্যামনগর কালীমন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা। এমনকি মন্দির চত্বরে কয়েকটি আমগাছও উপড়ে ফেলে। তবে এসব ঘটনায় এখনো কেউ শনাক্ত হয়নি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দিনব্যাপী শীতলা মণ্ডপে শীতলা পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর থেকে ওই মণ্ডপে প্রতিমাটি সংরক্ষণ করা ছিল। আজ ভোরে স্থানীয় লোকজন মণ্ডপের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিমাটি ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মণ্ডপে ঢুকে প্রতিমাটি ভাঙচুর করেছে।
এদিকে গতকাল মঙ্গলবার ভোরে নলডাঙ্গা উপজেলার শ্যামনগর কালীমন্দিরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের কিছু অংশ পুড়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা ওই মন্দির চত্বরের কয়েকটি আমগাছও উপড়ে ফেলে। মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দাস ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা মন্দির পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা ও ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী ক্ষোভ প্রকাশ করেছেন। বাপ্পী লাহিড়ী বলেন, মাঝেমধ্যেই নাটোরে এমন ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ কারণে বারবার এমন ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে।