নাটোরে বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে সাতজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার জোয়ানপুর বিলের ডোবায় মাছ ধরা নিয়ে মাধনগর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধনগর গ্রামের রবিউল মণ্ডল ও জাহেদুল মণ্ডল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জোয়ানপুর বিলের একটি ডোবার পানি সেচে মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের ভাদু মণ্ডল, আজা মণ্ডল ও আমজাদ মণ্ডল মাছ ধরতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবিউল মণ্ডল (৩৫), জাহেদুল মণ্ডল (৪০), আফছার আলী মণ্ডল (৫০), বাচ্চু মোল্লা (৫২), তহুরা বেগম (৪৩), জবেদা বেগম (৫০) এবং প্রতিপক্ষের রাসেল হোসেন (২৭) আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই তাঁদের নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। অধিকাংশ আঘাত হাঁসুয়া ও লাঠির।

সংঘর্ষে আহত হওয়া জাহেদুল মণ্ডল বলেন, ‘জোয়ানপুর বিলের ওই ডোবাটি আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু প্রতিপক্ষ ভাদু মণ্ডল ও তাঁর লোকজন বাধা দেওয়ায় মারামারির ঘটনা ঘটে।’ ভাদু মণ্ডল বলেন, ডোবার কিছু অংশ তিনি ভোগদখল করে আসছেন। অথচ জাহেদুল মণ্ডল পুরো ডোবা থেকেই মাছ ধরা শুরু করেছিলেন। তিনি শুধু এর প্রতিবাদ করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।