নাটোরে ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পোষা কুকুর নিয়ে বিরোধের জের ধরে এক ডেকোরেটর ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় শিশু ও নারীসহ পাঁচজন আহত হন।
এলাকার কয়েকজন ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার বড় সাঐল গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ময়না আলীর পোষা কুকুর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী সাইদুল ইসলামকে রাস্তায় তাড়া করে। এ সময় সাইদুল নিজেকে রক্ষায় কুকুরকে লক্ষ্য করে পায়ের জুতা ছুড়ে মারেন। কিন্তু জুতাটি ময়নার মেয়ে সাথী খাতুনের (৯) গায়ে গিয়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে রাত আটটার দিকে প্রতিবেশী সাইদুল ও তাঁর বাবা ওসমান আলীর নেতৃত্বে ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালান।