নাটোরে মণ্ডপে প্রতিমা ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ
নাটোরে একটি শীতলা মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোররাতে সদর উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জেলা মন্দির কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে মণ্ডপ পরিদর্শন করেছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার ওই মণ্ডপে দিনব্যাপী শীতলা পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর থেকে ওই মণ্ডপে প্রতিমাটি সংরক্ষণ করা ছিল। গতকাল ভোরে স্থানীয়রা মণ্ডপের প্রতিমাটি ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মণ্ডপে ঢুকে প্রতিমাটি ভাঙচুর করেছে।
এদিকে গত মঙ্গলবার রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর কালীমন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে মন্দিরের কিছু অংশ পুড়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা ওই মন্দির চত্বরের কিছু আমগাছের চারাও উপড়ে ফেলে।
মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা মন্দির পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পুলিশ গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা ও ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝেমধ্যেই নাটোরে এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন জোরালো পদক্ষেপ না নেওয়ায় দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। মন্দির কমিটির সভাপতির লিখিত অভিযোগ অনুযায়ী তদন্ত করে দেখা হচ্ছে।