নাটোরে মহাসড়কে ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর সেতুর কাছে ঢাকা-নাটোর মহাসড়কে আজ বুধবার ভোর ছয়টার দিকে দুর্বৃত্তরা একটি ছোট ট্রাকে আগুন দিয়েছে। আগুনে ট্রাকটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, ভোর ছয়টার দিকে হলুদ রঙের ছোট একটি খালি ট্রাক আহম্মদপুর সেতুর কাছে গেলে সাত-আটজন দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে দেয়। তারা ট্রাকের চালক, সহকারী ও এক মহিলা আরোহীকে ট্রাক থেকে নামিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন দেয়। মুহূর্তে ট্রাকটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ট্রাকটি সদর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা অবরোধ সমর্থক বলে মনে হয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।