নাটোরে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে পৌর যুবলীগের তিন নেতাকে কুপিয়ে জখম করেছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ভবানীগঞ্জ এলাকায় যুবলীগ নেতা গোপাল চন্দ্রের ব্যক্তিগত কার্যালয়ে বসে গল্প করছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নূর ইসলাম (৩০) ও পৌর যুবলীগের সদস্য ইমন হোসেন (২১) ও শফিকুল ইসলাম ওরফে নাহিদ (২০)। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ওই কার্যালয়ে ঢুকে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তিনজনকেই নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ইমন ও শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ইমনের বাঁ হাতের কবজির রগ কাটা পড়েছে বলে মনে হচ্ছে।