নাটোরে শিক্ষার্থীদের স্যান্ডেলপেটা করা শিক্ষকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতার ভাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মঞ্জুরুল হককে শিক্ষার্থীদের স্যান্ডেল পেটা করার ঘটনায় ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের জন্য বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত সালিসি সভায় ওই শিক্ষককে এ সাজা দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) বিদ্যালয়ের স্কুল শাখার সপ্তম শ্রেণিতে পাঠদানকালে শিক্ষক মঞ্জুরুল হক পড়া না শেখায় শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি নিজের পায়ের স্যান্ডেল খুলে গণহারে ১৫ শিক্ষার্থীকে সেটি দিয়ে ভীষণ পেটান। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং অভিভাবকদের জানায়। ক্ষুব্ধ অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করলে বৃহস্পতিবার বিকেলে সালিসি বৈঠকটি হয়। এ সময় শিক্ষক মঞ্জুরুল হককে ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইউনুস আলী বলেন, ‘ঘটনাটির সমাধান করা হয়েছে।’
অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল হক বলেন, ‘রাগের মাথায় দু-একটা মেরেছি। এটা তেমন কিছু না।’