নাটোরে শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভান্ডারদহ গ্রামে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, শিশু ফারদিন আহম্মেদকে (৫) গলাটিপে হত্যার পর আত্মহত্যা করেছেন তার মা সেলিনা বেগম (২৮)। আজ সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন বলেন, প্রায় সাত বছর আগে ভান্ডারদহ গ্রামের সেলিনা বেগমের সঙ্গে একই গ্রামের আবদুল আলীমের বিয়ে হয়। ঢাকা বিমানবন্দরে চাকরিরত আবদুল আলীম পরিবারসহ রাজধানীর বিমানবন্দর এলাকায় থাকতেন। সম্প্রতি তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। এ কারণে এক সপ্তাহ আগে সেলিনা ও তাদের দুই যমজ ছেলে ফারদিন ও তাহসিনকে গ্রামে পাঠিয়ে দেন আবদুল আলীম। এ ঘটনায় তাঁর স্বামীর ওপর রাগ করে আজ সকালে ফারদিনকে গলাটিপে হত্যা করেন তার মা। পরে তাহসিনকেও ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সেলিনা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেলিনার বাবা আবদুল হালিম বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।
এ ব্যাপারে সেলিনার স্বামী আবদুল আলীম বলেন, বর্তমানে চাকরিতে ওভারটাইম বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে সমস্যা হচ্ছিল। তাই বউ, ছেলেদের কিছুদিনের জন্য বাড়িতে রেখে এসেছিলাম।