নাটোরে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় আবদুর রশিদ অটো রাইসমিলের শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আজ মঙ্গলবার দুপুরে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নিহত শ্রমিকের নাম সাকিব হোসেন (১৯)। তিনি গড়মাটি গ্রামের রমজান আলীর ছেলে। আহত শ্রমিকেরা হলেন সাইফুদ্দিন (২৪) ও সুমন আলী (২৫)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, ওই মিলে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। এ শ্রমিকদের একটি অংশ বেশ কিছুদিন থেকে পারিশ্রমিক বাদে মালামাল খালাস (লোড-আনলোড) বাবদ গ্রাহকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। শ্রমিকদের অন্য একটি অংশ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে তাঁরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) রাজশাহী কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ ছাড়া সম্প্রতি মিলে গড়মাটির স্থানীয় শ্রমিকেরা আরও বেশি কাজের সুযোগ দাবি করে আসছিলেন। তবে এ দাবির বিপক্ষে অবস্থান নেন স্থানীয় মুর্শিদাবাদ কলোনির শ্রমিকেরা। এসব বিষয় নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে মিলের মালিক আবদুর রশিদ কিছুদিন অগে তাঁদের সঙ্গে আলোচনা করে আপসের চেষ্টা করেন। তবে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অটল থাকায় পরিস্থিতির অবনতি হয়। আজ বেলা ১১টার দিকে শ্রমিকদের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘটনার পর গড়মাটির লোকজন নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে মুর্শিদাবাদ কলোনিতে হামলা চালান। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আধা ঘণ্টা বন্ধ থাকার পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, নতুন করে যেন কোনো সংঘর্ষ না বাধে, এজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।