নাটোরে সংঘর্ষের ঘটনায় আটক ৯
নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সভাপতিসহ নয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি এ তথ্য জানান।
আটক হওয়া জেলা যুবদলের সভাপতির নাম সাইফুল ইসলাম। বাকিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের সদর থানার হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জাতীয় শোক দিবসের কর্মসূচি থেকে যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন—ছাত্রলীগের কর্মী রাজিব হোসেন (১৭) ও যুবলীগের কর্মী নাজমুল হোসেন (৩২)।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল বিকেলে নাটোর স্টেশনবাজারের একতার মোড়ে যুবলীগের শোকসভা ছিল। সভা শেষ হওয়ার আগমুহূর্তে বাড়ি ফেরার পথে রেলগেট এলাকায় আওয়ামী লীগের কিছু সমর্থক বিএনপির এক সমর্থককে মারপিট করেন। এ খবর ছড়িয়ে পড়লে শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন রাজিব ও নাজমুল। রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর আওয়ামী লীগের সমর্থকেরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন পাটোয়ারি এবং বিএনপি কর্মী জাবেদ আলীর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেন। পরে তাঁরা তেবাড়িয়া বাজারের ছাগলপট্টির কিছু খড়ের দোকানে আগুন দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।