নাটোরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গুলি
নাটোরের লালপুরের গোপালপুর পৌর এলাকায় বর্তমান মেয়র ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মঞ্জুরুলের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। আরেক কর্মীকে অপহরণ করে কিছু দূর নিয়ে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
লালপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সন্ধ্যায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২৫-৩০ জন যুবক মঞ্জুরুলের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ছিল পিস্তল, রামদা ও রড। যুবকেরা কার্যালয় লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এরপর চিৎকার করে তারা কার্যালয় বন্ধ করে দিতে বলে। তখন কার্যালয়ের ভেতর থাকা কর্মীরা আতঙ্কে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে ১০ জন আহত হন। এর মধ্যে ওই যুবকেরা মঞ্জুরুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আনিসুর রহমান নামের এক কর্মীকে অপহরণ করে উপজেলা চত্বরে নিয়ে যায়। পরে তাঁকে লাঞ্ছিত করে ছেড়ে দেওয়া হয়। সোয়া সাতটার দিকে উপজেলা চত্বর থেকে আবার ওই দুর্বৃত্তরা রামদা ও রডসহ অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মঞ্জুরুল প্রথম আলোকে বলেন, এর আগে তিনি তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। এবারও তিনিই শক্তিশালী প্রার্থী। এ কারণে প্রতিপক্ষ একজনের কর্মীরা এ হামলা চালিয়েছেন। এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।