নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছিলেন ঠিকাদার। স্থানীয় কয়েকজন তরুণ এই অভিযোগ তোলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। বিষয়টি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের নজরে আসে। তিনি গতকাল শনিবার দুপুরে হঠাৎ ঘটনাস্থলে হাজির হন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পান। তিনি নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সড়কে নিম্নমানের ইটের টুকরো (খোয়া) ব্যবহার করা হচ্ছিল। এলাকার বেশ কিছু তরুণ এ নিয়ে তাঁদের ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। তিনি গতকাল দুপুরে কাউকে কিছু না জানিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিম্নমানের খোয়া ব্যবহারের সত্যতা পান। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের খোয়া সরিয়ে ফেলতে বলেন। এর পরিবর্তে ভালো খোয়া ব্যবহারের নির্দেশ দেন।
জুনাইদ আহ্মেদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার বিষয়ে যে তরুণেরা অভিযোগ তুলেছেন, আমি তাঁদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে।’
ওই কাজে নিয়োজিত রহমান কনস্ট্রাকশনের ঠিকাদার সাগর আহম্মেদ বলেন, শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। এরপরও তিনি প্রকৌশলীর নির্দেশনা মেনে চলবেন।