নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরের বিচার করাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় ছয় ঘণ্টা পুলিশের একটি দলকে অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী।
স্থানীয় লোকজন বলেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে বৃষ্টির মধ্যে নিতাইনগর গ্রামের জালাল উদ্দিন ও আলমগীর হোসেনের দুটি গরু চুরি হয়। ভোরে তাঁরা গরুর পায়ের চিহ্ন অনুসরণ করে পাশের পাঁচবাড়িয়া গ্রামের হাসিনুর রহমানের গোয়ালঘরে চুরি যাওয়া দুটি গরুসহ মোট পাঁচটি গরু দেখতে পান। এ সময় লোকমুখে চুরির ঘটনা ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ বাড়িটি ঘেরাও করেন।
খবর পেয়ে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জির নেতৃত্বে পুলিশের একটি দল সকাল সাতটার দিতে সেখানে পৌঁছে হাসিনুর রহমানকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী বাধা দেন ও হাসিনুরকে তাঁদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানান। এতে পুলিশ রাজি না হলে গ্রামবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখেন এবং চোরের বাড়িতে ব্যাপক ভাঙচুর করেন।
এ সময় উত্তেজিত গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে অবরুদ্ধ করে ফেলেন গ্রামবাসী। পরে বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন তিনটি পিকআপ ভ্যানে করে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসিনুর রহমানকে এক বছরের কারাদণ্ড দিলে পরিস্থিতি শান্ত হয়।