নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হান্নান প্রামাণিক (৪০)। তাঁর বাড়ি উপজেলার ইটালি ইউনিয়নের আগ তিরাইল গ্রামে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও আওয়ামী লীগের স্থানীয় সূত্রের ভাষ্য, আরিফুল ইসলাম ও জাহেদুল ইসলামের মধ্যে পূর্ব বিরোধের জেরে আজকের ঘটনাটি ঘটে।
আরিফুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জহুরুল ইসলামের ভাই জাহেদুল।
আগামী ১০ নভেম্বর সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম। তাঁর পক্ষে কাজ করছেন জাহেদুল। অন্যদিকে শফিকুলের সঙ্গেও আরিফুলের পূর্ববিরোধ রয়েছে।
এলাকাবাসী ও দলীয় সূত্রের ভাষ্য, পূর্ব বিরোধের কারণে আরিফুলের সমর্থকেরা শফিকুলের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না। এ নিয়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার উপজেলার ইটালি ইউনিয়নের তিরাইল গ্রামে আরিফুলের সমর্থকেরা শফিকুলের কিছু নির্বাচনী পোস্টার ছেঁড়েন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় জাহেদুল ও আরিফুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরিফুলের কয়েকজন সমর্থক আহত হন।
জাহেদুলের ভাষ্য, গতকাল বুধবার বিকেলে আরিফুল ও তাঁর ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান তিরাইল গ্রামে এসে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। ওই হুমকির জেরে আজ সকালে আরিফুলের ৫০-৬০ জন সমর্থক আগ তিরাইল গ্রামে তাঁর (জাহেদুল) ৩০-৩৫ জন সমর্থকের বাড়িতে হামলা চালান। এসব বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় আরিফুলের লোকজন হান্নান নামের একজনের ওপর হামলা চালান। এতে তাঁর মৃত্যু হয়। হান্নানকে নিজের সমর্থক দাবি করেছেন জাহেদুল।
এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় দুপুর ১২টা নাগাদ সাতজনকে আটক করেছে পুলিশ।
আরিফুলের দাবি, তিনি প্রতিশোধ নেওয়ার কোনো হুমকি দেননি। তিনি বা তাঁর সমর্থকদের কেউ হান্নানকে হত্যা করেননি। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রচারণা চালানো হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় দুপুর ১২টা নাগাদ কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।