নাতনিকে ধর্ষণের অভিযোগে কারাগারে দাদা
বগুড়ার ধুনট উপজেলায় চার বছর বয়সের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ওই বৃদ্ধ সম্পর্কে শিশুটির দাদা। পুলিশ ওই বৃদ্ধকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। একই বাড়িতে থাকেন তার দাদা (শিশুটির বাবার ফুপা)। তিনি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির কাছ থেকে তার মা ঘটনা জানতে পারেন।
শিশুটির মায়ের কাছে খবর পেয়ে স্থানীয় লোকজন গতকাল রাতে ওই বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃদ্ধকে আসামিকে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। তাতে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ওই বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে সোমবার সকালেই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওই বৃদ্ধকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।