নাদিম মোস্তফাকে দেখতে গিয়ে ছাত্রদলের নেতা গ্রেপ্তার
রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম। আজ রোববার বেলা দুইটার দিকে জেলগেটের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১৯ জানুয়ারি ঢাকায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় নাদিম মোস্তফাকে। গতকাল শনিবার তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, রাজশাহীর পুঠিয়া থানার মামলায় শফিকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে পুলিশের করা তিনটি মামলায় শফিকুল আলমকে গ্রেপ্তার দেখানো হবে। একই সঙ্গে আগামীকাল সোমবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে। তিনটি মামলায় তাঁর পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হতে পারে।
পুঠিয়া থানায় তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে নাদিম মোস্তফাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসে পুলিশ। কাল তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে। তাঁকেও তিনটি মামলায় পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হবে বলে পুঠিয়া থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান।
নাদিম মোস্তফাকে আটকের পর একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় গুলিতে মজির উদ্দিন নামের বিএনপির এক কর্মী নিহত হন। এ ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ এবং বিএনপি নেতা ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন হাজার ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা করে পুলিশ। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও এসআই ডেভিড হিমাদ্রি বাদী হয়ে মামলা তিনটি করেন।