নানা অভিযোগে ৬২ জনের ফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই রকম হাতের লেখায় একই খাতায় ভুল উত্তর কেটে দিয়ে সঠিক উত্তর লেখা এবং প্রবেশপত্র ও নিবন্ধনবহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬২ জন এসএসসি পরীক্ষার্থীর ফল স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ৪ মে ওই ফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি কুমিল্লা বোর্ডের অধীনে বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়। এরপর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছোট শরীফপুর উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের ৫১ জন পরীক্ষার্থীর ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার (ব্যাকরণ) অংশের উত্তরপত্রে দুই ধরনের হাতের লেখা ও কাটাকাটি পাওয়া যায়। অর্থাৎ ওই ৫১ জন পরীক্ষার্থীর ভুল উত্তর কেটে দিয়ে শুদ্ধ উত্তর লেখা হয়। এসব খাতা দেখার সময় প্রথম পরীক্ষক ওই বিষয়টি টের পেয়ে প্রধান পরীক্ষককে জানান। পরে তাঁরা বিষয়টি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানান।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড এসএসসি পরীক্ষার নীতিমালা অনুযায়ী ওই ৫১ জন পরীক্ষার্থীর ফল স্থগিত করে। এ ছাড়া চান্দিনার এতবারপুর আজম উচ্চবিদ্যালয়, চাঁদপুরের জমিদারহাট বিএন উচ্চবিদ্যালয় ও নোয়াখালীর বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে হিসাববিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় তিন পরীক্ষার্থীর খাতায় দুই ধরনের লেখা পাওয়া যায়। এ ছাড়া বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) বহির্ভূত বিষয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটজন পরীক্ষার্থীর ফল স্থগিত করা হয়।
এ প্রসঙ্গে ছোট শরীফপুর উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের ফল স্থগিত হওয়া তিনজন পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘খাতায় কাটাছেঁড়ার বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা আমাদের ফলাফল চাই।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলাম বলেন, ওই পরীক্ষার্থীরা খাতায় ভুল উত্তর লেখে। পরে দ্বিতীয় কোনো ব্যক্তি ভুল উত্তর কেটে দিয়ে শুদ্ধ উত্তর লেখেন। বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৫৪ জন পরীক্ষার্থীর ফল স্থগিত করা হয়। অন্য আটজন বিষয়বহির্ভূত পরীক্ষা দেয়। এ ক্ষেত্রে কেন্দ্রসচিবের গাফিলতি রয়েছে। শিগগিরই কেন্দ্রসচিবকে এসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর বোর্ডের পরীক্ষা কমিটি ও শৃঙ্খলা কমিটির সভায় সেটি উত্থাপন করা হবে।