নানিয়ারচরে আবারও বাঙালিদের বাগান নষ্ট করল দুর্বৃত্তরা
রাঙামাটির নানিয়ারচরে আবারও বাঙালিদের আনারসের বাগান নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়িতে পাহাড়ে চাষ করা ১ লাখ ৮০ হাজার আনারসের চারা নষ্ট করে দুর্বৃত্তরা। ২২ দিনের মাথায় একই এলাকায় দ্বিতীয়বার আনারসের চারা নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটল।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ গতকাল বুধবার বিকেলে বলেন, চারা নষ্ট করার ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ থাকলেও পরিস্থিতি শান্ত রয়েছে। বিকেল তিনটা পর্যন্ত কেউ মামলা করেনি।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর বগাছড়ি এলাকায় দুর্বৃত্তরা বাঙালিদের বাগানের চার লাখ আনারস গাছ ও ২০ হাজার সেগুনের চারা নষ্ট করে। পরদিন একই এলাকার আদিবাসীদের তিনটি গ্রামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় ৫৪টি বসত ঘর, সাতটি দোকান। হামলা হয় বৌদ্ধ মন্দিরে।
বুড়িঘাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জানান, রাঙামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর সংযোগ সড়কের পশ্চিম পাশে জমি ইজারা নিয়ে এক লাখ ৮০ হাজার আনারসের চারা রোপণ করেছিলেন জাফর, মামুন, মিজান ও এমাদুল নামের তিন ব্যক্তি। গত মঙ্গলবার রাত থেকে দুর্বৃত্তরা পাঁচ একর ২০ শতাংশ জায়গায় রোপণ করা আনারসের চারা তুলে ফেলে। তাঁর দাবি, দুর্বৃত্তরা বুধবার সকাল নয়টা পর্যন্ত ওই স্থানে ছিল। পরে সেনাবাহিনী সেদিকে যাওয়ার খবর পেয়ে পালিয়ে যায়। নাশকতার এ ঘটনার জন্য তিনি ইউপিডিএফকে দায়ী করেছেন।
তবে ইউপিডিএফের নেতা বাবলু চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, পাহাড়িদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে বাঙালিরা নিজেরাই চারা নষ্ট করে ইউপিডিএফকে দায়ী করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, এসব ঘটনায় সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছে। আর ফায়দা লুটছে কিছু অসৎ ব্যক্তি ও দল। এসব বিরোধের দ্রুত সমাধান হওয়া দরকার।