নান্দাইল ও তিতাসে দুই গৃহবধূকে হত্যা!
যৌতুকের দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও বন্দেরবাড়ি এলাকায় লাকী আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গতকাল ভোরে যৌতুকের দাবিতে শিমু আক্তার (২২) নামের আরেক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
লাকীর মা ফাতেমা আক্তার বলেন, ২০০৭ সালে মজিবুর রহমানের (৩০) সঙ্গে তাঁর মেয়ে লাকীর (২৫) বিয়ে হয়। তখন তাঁরা মজিবুরকে যৌতুক হিসেবে ১৫ হাজার টাকা ও আসবাবপত্র দেন। এরপরও চাপের মুখে কয়েক দফায় আরও ২০ হাজার টাকা দেন। এক মাস আগে আরও যৌতুকের দাবিতে তাঁর মেয়ের মাথা ফাটিয়ে দেন মজিবুর। এ ঘটনায় মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে মজিবুরের অভিভাবকেরা ক্ষমা চাইলে তিনি লাকীকে আবার শ্বশুরবাড়ি পাঠান। গতকাল ভোরে খবর পেয়ে মজিবুরের বাড়ি গিয়ে লাকীর লাশ বিছানায় কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান।
নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী মজিবুর ছাড়াও তাঁর শাশুড়ি হাদিসা বেগম ও চাচা শ্বশুর লিলু মিয়াকে আটক করা হয়েছে।
শিমুর মা লাইলী আক্তার বলেন, প্রায় তিন বছর আগে মালয়েশিয়াপ্রবাসী হাছানের সঙ্গে একই উপজেলার নাগেরচর গ্রামের শিমুর বিয়ে হয়। কিন্তু এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন দুই লাখ টাকার আসবাবপত্র দেওয়ার জন্য শিমুর বাবাকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে শিমুর বাবা আসবাবপত্র দেবেন বলে আশ্বাস দেন। তা সত্ত্বেও শিমুকে প্রায়ই মারধর করা হতো। নির্যাতন সইতে না পেরে শিমু প্রায় ছয় মাস আগে তাঁর বাবার বাড়ি চলে আসে। এক সপ্তাহ আগে হাছান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। শিমুকে কেউ মারধর করবে না—এমন আশ্বাস দিয়ে তিনি তঁাকে নিজ বাড়িতে নিয়ে যান। গতকাল ভোরে হাছান মুঠোফোনে জানান, শিমু হৃদ্রোগে আক্রান্ত হয়েছে। তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ও আত্মীয়স্বজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাছান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।