নান্দাইল শহরে খাসজমি দখলের পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইল শহরে অবৈধভাবে দখল করা খাসজমিতে স্থাপন করা সাইনবোর্ড। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নান্দাইল শহরে অবৈধভাবে দখল করা খাসজমিতে স্থাপন করা সাইনবোর্ড। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের এক খণ্ড খাসজমি কৌশলে হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন বিএনপির স্থানীয় কিছু নেতা-কর্মী। ওই জমিটি প্রশাসনের নাম ব্যবহার করে দখল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলা ভূমি কার্যালয়ের বিপরীত দিকে অবস্থিত পুরাতন মাছমহাল নামে পরিচিত ১২ শতক জমির কিছু অংশে নতুন টিনের একটি ছাপড়া ঘর নির্মাণ করা হয়েছে। এর সামনে একটি সাইনবোর্ড পুঁতে তাতে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা মার্কেটের নির্ধারিত ৩০ ফুট বাই ৬২ ফুট জমি’, ‘আদেশক্রমে জেলা প্রশাসক ময়মনসিংহ’ লেখা রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাকীন বিল্লাল ফারুকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা কেন লিখবে? আমি তো কাউকে জায়গা বরাদ্দ দিইনি।’
স্থানীয় লোকজনের অভিযোগ, খাসজমি দখলের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ভয় দেখানোর জন্য প্রশাসনের নাম ব্যবহারের এ কৌশল অবলম্বন করছেন দখলকারীরা।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবুল খায়ের বলেন, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ ২০০৪ সালে ওই জমিতে ১২ কক্ষবিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করে মহিলা বিপণিবিতান নাম দেয়। ২০০৬ সালের ১৩ জুলাই বিপণিবিতানের ১২টি কক্ষ ১২ জন নারীর নামে বরাদ্দ দেওয়া হয়। এলজিইডি বিপণিবিতান নির্মাণ করলেও জমিটি তাদের ছিল না। সম্প্রতি ওই স্থানে সরকার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদকে আট শতক জায়গা বরাদ্দ দেয়। মুক্তিযোদ্ধা সংসদ বিপণিবিতানটি ভেঙে তাদের অংশ বুঝে নেয়। এরপর বাকি ৪ শতক জায়গা আগের দখলকারীরা সাইনবোর্ড টাঙিয়ে দখলে নেওয়ার চেষ্টা করে।
ওই জমিতে নির্মিত মহিলা বিপণিবিতানে কক্ষ বরাদ্দ পাওয়া নারীদের পরিচয় সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তাঁরা তৎকালীন চারদলীয় জোট সরকারে নেতৃত্বদানকারী বিএনপির উপজেলা শাখার প্রভাবশালী নেতাদের স্ত্রী।
বরাদ্দ পাওয়া এক নারী কুলসুম আক্তারের স্বামী নান্দাইল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, তৎকালীন সময়ে ব্যবসা-বিষয়ক প্রশিক্ষণ নেওয়ার পর ১২ জন নারীকে ৯৯ বছর মেয়াদে দোকান বরাদ্দ দিয়েছিল এলজিইডি। তাঁর কাছে দোকান বরাদ্দের দলিলপত্র রয়েছে।
নথিপত্রের বরাত দিয়ে এলজিইডির একটি সূত্র জানায়, নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে ২০০৭ সালে এসব দোকানের বরাদ্দ বাতিল করেছিল এলজিইডি। পরে বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কয়েকজন এলজিইডির উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে অবস্থিত তৎকালীন জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। প্রায় আট বছর আগে দায়ের করা মামলাটি কী অবস্থায় রয়েছে, সে সম্পর্কে এলজিইডি কার্যালয় থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাকীন বিল্লাল বলেন, ‘ওই জমিটি খাস শ্রেণির। জমিটিতে এলজিইডির নির্মাণ করা মহিলা বিপণিবিতানটি যাঁরা ভেঙেছেন, তাঁরা সেটি নির্মাণ করে দেবেন। আমি বিষয়টি মধ্যস্থতা করে দিয়েছি মাত্র।’
খাসজমি কাউকে বরাদ্দ দেওয়ার নিয়ম রয়েছে কি না বা সেখানে ব্যক্তিমালিকানাধীন স্থাপনা নির্মাণ করা যাবে কি না, এ প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোস্তাকীন বিল্লাল বলেন, ওই জমিতে আগের স্থাপনাটি (বর্তমানে নেই) এখনো বিদ্যমান রয়েছে বলে ধরে নিতে হবে। জমিটি খাস শ্রেণির হলেও এই বরাদ্দ দেওয়ার ব্যাপারে পরে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হবে।