নান্দাইলে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে তামান্না আক্তার (২৫) নামে এক গৃহবধূ গতকাল শুক্রবার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তামান্নার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
তামান্না নান্দাইল শহরের আচারগাঁও এলাকার মো. হেলাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী এবং নান্দাইলের কড়ইকান্দি গ্রামের মোমতাজ উদ্দিনের মেয়ে। ঘটনার পর থেকে হেলাল উদ্দিন পলাতক। এ ঘটনায় হেলালসহ কয়েকজনকে অভিযুক্ত করে মোমতাজ উদ্দিন থানায় এজাহার জমা দিয়েছেন। গতকাল হেলাল উদ্দিনের বাসায় গিয়ে সেটি তালাবদ্ধ দেখা যায়। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মোমতাজ উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে তিনি তামান্নার ফোন পান। পরে তিনি তাঁর এক শ্যালককে নান্দাইল শহরে পাঠান। তিনি ওই রাতেই নান্দাইলে এসে তামান্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশের সঙ্গে কথা বলে তাঁর লাশ নান্দাইল থানায় নিয়ে যাওয়া হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।