নান্দাইলে অপহরণের পর শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু তাসিন
শিশু তাসিন

নিখোঁজের দুই দিন পর ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি গ্রামের শিশু তাসিনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। একই গ্রামের শহীদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে গত বুধবার লাশটি উদ্ধার করে পুলিশ। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাসিনকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
তাসিন (৭) মুশুলি গ্রামের মো. আবদুল কাইয়ুমের একমাত্র ছেলে। কাইয়ুম সৌদি আরবপ্রবাসী। তাসিন গত সোমবার নিখোঁজ হয়। তাকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন একই গ্রামের তাহের উদ্দিন, তাঁর স্ত্রী তহুরা, দুই ছেলে শহীদ মিয়া ও সাকিব মিয়া।
এ ঘটনায় তাসিনের মা পলিনা খাতুন বাদী হয়ে বুধবার রাতেই মুশুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আপ্তর উদ্দিনসহ আলাল মিয়া, শহীদ মিয়া, রাজীব মিয়া, জুয়েল মিয়া, রুবেল মিয়া, জাকির মিয়া, তৌফিক মিয়া, তাহের উদ্দিন, দেলোয়ারা বেগম ও তহুরা বেগমের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে তাসিন ঘুম থেকে উঠে বাড়ির সামনে যায়। এরপর সে নিখোঁজ হয়। ওই দিন বিকেলে তাঁর বাবার মুঠোফোনে এক ব্যক্তি তাসিনকে অপহরণের তথ্য জানান। পরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ডিডির সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার রাতে অভিযান চালিয়ে আগ মুশুলি গ্রাম থেকে তাহের উদ্দিন, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে আটক করে। পরে তাহের উদ্দিনের ছেলে শহীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাসিনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, শহীদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকেসহ চারজনকেই গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।