নান্দাইলে অপহৃত শিশু উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলের এক শিশুকে অপহরণের এক দিন পর গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে শিশুর খালা ডলি আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।
অপহৃত শিশুর বাবা উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুই গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শ্যালিকা ডলি আক্তার ঈদের কেনাকাটা করার কথা বলে তাঁর মেয়ে লামিয়াকে (৪) নিয়ে কিশোরগঞ্জ জেলা শহরে যান। রাতে তিনি লামিয়াকে ছাড়া বাড়ি ফেরেন। মেয়ে কোথায়, জানতে চাইলে ডলি নানা ধরনের অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে ডলিকে নান্দাইল থানার পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশকে তাঁর স্বামী হৃদয় মিয়ার (৩২) মুঠোফোন নম্বর দেন। সেই নম্বরে কামরুজ্জামান যোগাযোগ করলে হৃদয় মিয়া লামিয়ার মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করেন।
নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গতকাল বিকেলে পুলিশ প্রযুক্তির সহায়তায় হৃদয় মিয়ার মুঠোফোন নম্বরটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানোর প্রস্তুতি নেয়। তখনই ভৈরব রেলস্টেশন থেকে লামিয়াকে উদ্ধার করার বার্তা নান্দাইল থানায় পাঠায় ভৈরব জিআরপি থানার পুলিশ।