নান্দাইলে আ.লীগের সমাবেশে গুলি, হামলায় শ্রমিকনেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় সন্ত্রাসীদের হামলায় শ্রমিকনেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশের কাছে এ হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশেও হামলা, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হন।
নিহত ব্যক্তির নাম আবুল মনসুর ভূঁইয়া (৫৫)। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই ও উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার চারিআনি পাড়া মহল্লায়।
পুলিশ সুপার মঈনুল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পাঁচ প্লাটুন পুলিশ শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।
হামলা ও হত্যাকাণ্ডের জন্য সমাবেশের আয়োজকেরা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের সমর্থকদের দায়ী করেছেন। এ ঘটনায় পুলিশ মো. ইকবাল হোসেন (৩৫), হাবিবুর রহমান (৩০) ও মো. শুক্কুর আলীকে (৩০) আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুল ইসলাম সমাবেশস্থল উপজেলার পুরান বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান বলেন, গত বুধবার সকালে কিছু বহিরাগত সন্ত্রাসী নান্দাইলে ঢুকেছে বলে তিনি খবর পান। বিষয়টি তিনি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলেন, তাঁর কোনো সমর্থক ওই সমাবেশস্থলের আশপাশেও উপস্থিত ছিল না।
নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, বহিরাগত সন্ত্রাসীদের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে সমাবেশস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, নান্দাইল পৌরসভার পুরান বাজার এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকেল থেকে তাঁদের সমাবেশ চলছিল। সমাবেশের মঞ্চে তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়াসহ নেতারা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ার আগেই সভাস্থল লক্ষ্য করে একদল লোক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দলীয় কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষে তুমুল সংঘর্ষ বাধে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়তে শুরু করলে আওয়ামী লীগের নেতারা সমাবেশস্থল ছেড়ে চলে যান।
ওই সময় হাসপাতাল সড়কে অবস্থিত নিতাই পালের মার্কেটের বিপরীত দিকে হামলার শিকার হন আবুল মনসুর ভূঁইয়া।