নান্দাইলে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মো. বাহার উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
বাহার উদ্দিন উপজেলার পাছ দরিল্লা গ্রামের বাসিন্দা। তিনি গতকাল কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ব্যক্তির পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি মোটরসাইকেল বিক্রির ঘটনা নিয়ে উপজেলার পাছ দরিল্লা গ্রামের মাসুদ মিয়া ও সোহাগ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত রমজান মাসে বিরোধ মীমাংসার জন্য ওই গ্রামে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত দুই মাতব্বর বাহার উদ্দিন ও ফজলুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়।
গতকাল ভোরে বাহার উদ্দিন প্রাতর্ভ্রমণে বের হলে ফজলুর রহমানের বাড়ির সামনে হামলার শিকার হন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেদম পেটান এবং ঘণ্টা খানেক তাঁকে আটকে রাখেন। পরে গ্রামের লোকজনের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা বাহার উদ্দিনকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায়।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ জানান, কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল বিক্রি করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। বিষয়টি পরে সালিস হয়ে আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিপক্ষের হাতে গতকাল আক্রান্ত হন বাহার উদ্দিন। এ ঘটনায় বাহার উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।