নান্দাইলে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ময়মনসিংহের নান্দাইলে কিশোরীকে ঘর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গত রোববার ওই কিশোরী বাদী হয়ে সাতজনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১০ দিন আগে কিশোরীটি তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে একদল দুর্বৃত্ত তাকে জোর করে তুলে নিয়ে যায়। ধর্ষণের পর তাকে ব্রহ্মপুত্র নদের চরে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এক ইউপি সদস্যের সহায়তায় রোববার রাতে সে নান্দাইল থানায় আসে এবং মামলা করে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তি আল-আমিন ও মাসুদকে রোববার রাতে উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।