নান্দাইলে কিশোরী ধর্ষণের শিকার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।
১৩ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। ৭ জুন সে পাশবিকতার শিকার হলেও বিষয়টি জানাজানি হয় মামলার জন্য গতকাল রোববার নান্দাইল মডেল থানায় আসার পর।
গতকাল দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের একটি কক্ষে বসে কান্নাকাটি করছে মেয়েটি। তার সঙ্গে কথা বলে জানা যায়, মেয়েটির বাবা বেঁচে নেই। মা অন্যত্র বিয়ে করে চলে গেছেন। সে এখন থাকে চাচাদের আশ্রয়ে। ১০ দিন আগে মেয়েটি নান্দাইলের বেতাগৈর ইউনিয়নে বোনের বাড়িতে বেড়াতে আসে। ৭ জুন রাতে এক প্রতিবেশী যুবক তার সঙ্গে কথা বলতে বলতে তাকে ভগ্নিপতির বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ছিল চার-পাঁচজন। তারা মেয়েটির মুখ চেপে ধরে কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে সে চেতনা হারিয়ে ফেলে। পরদিন ভোরে চেতনা ফিরলে সে নিজেকে পাশের গ্রামের কাছে একটি সেতুর নিচে ব্রহ্মপুত্র নদের চরে আবিষ্কার করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করে।