নান্দাইলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে দরিদ্র পরিবারের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে গতকাল বুধবার রাতে দুই যুবককে আসামি করে মামলা করেছেন।
আজ বৃহস্পতিবার নান্দাইল মডেল থানায় খোঁজ নিয়ে জানা যায়, ওই কিশোরীর শারীরিক পরীক্ষা ও সাক্ষ্য নেওয়ার জন্য পুলিশ তাঁকে ময়মনসিংহে নিয়ে গেছে।
কিশোরীর অভিযোগ, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পার হয়ে যাওয়ার সময় একই গ্রামের আরিফ (২৫) নামের এক যুবক তাঁকে তুলে নিয়ে যান। মুখে কাপড় গুঁজে তাঁকে বিদ্যালয়ের পেছনে জঙ্গল ও ধানখেতের মাঝামাঝি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় সেখানে আরেক যুবক পাহারায় ছিলেন।
কিশোরীর মায়ের ভাষ্য, তিনি ও তাঁর মেয়ে গৃহপরিচারিকার কাজ করেন। ধর্ষণের ঘটনার পরদিন গ্রামের কয়েকজনকে জানিয়ে আরিফের বিচার চেয়েছেন। কিন্তু গরিবের কথা কেউ শোনেনি।
এ ব্যাপারে আরিফের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
আরিফের বাবার ভাষ্য, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ছেলে কোথায় আছেন, তাও তিনি বলতে পারেননি।
মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাফায়াত হোসেনের ভাষ্য, আসামিদের ধরার চেষ্টা চলছে।