ময়মনসিংহের নান্দাইলে গতকাল বুধবার গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গৃহবধূকে আহত করা হয়েছে। তিনি স্বামীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। একই দিন কিশোরগঞ্জের হোসেনপুরে দেবরের বিরুদ্ধে গৃহবধূর পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইল উপজেলায় আহত গৃহবধূর নাম শাপলা (২২)। তিনি রায়পাশা গ্রামের মো. রুবেল মিয়ার (৩৮) স্ত্রী। হোসেনপুর উপজেলায় আহত গৃহবধূ হলেন রানু বেগম (৪০)। তিনি উত্তর পুমদী গ্রামের মো. ফেরদৌস মিয়ার স্ত্রী। দুই গৃহবধূকে হাসপাতালে পাঠানো হয়েছে।
যন্ত্রণায় কাতর গৃহবধূ শাপলা বলেন, গতকাল দুপুরে বসতঘরের ভেতরে ফেলে স্বামী রুবেল দা দিয়ে তাঁর গলায় কোপ দেন। তিনি চিৎকার করে ঘর থেকে উঠানে নামামাত্র সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাঁকে কীভাবে হাসপাতালে আনা হয়েছে, তা বলতে পারেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা বেগম বলেন, ধারণা করা হচ্ছে গৃহবধূর গলার একাধিক রগ কেটে গেছে। তাঁর অবস্থা ভালো নয়। তাঁকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল আউয়াল বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেন ওই গৃহবধূকে কোপানো হয়েছে, তা বলতে পারেন না। রুবেল মিয়াও বাড়িতে নেই।
এদিকে হোসেনপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে রানু বেগম ও তাঁর দেবর বিল্লাল হোসেনের (৩৮) মধ্যে বাড়ির ওপর দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বাধে। এর একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে রানুর ডান পায়ে রামদা দিয়ে কোপ দেন। এতে রানুর পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা তাঁকে আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় রানুর স্বামী ফেরদৌস মিয়া গতকাল বিল্লাল ও তাঁর স্ত্রী কুলসুম আক্তারকে আসামি করে মামলা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, গোড়ালি থেকে ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় বিল্লাল ও কুলসুমকে পুলিশ গ্রেপ্তার করেছে।