নান্দাইলে গৃহবধূর শরীরে দাহ্য তরল নিক্ষেপ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় লিপা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ওপর অ্যাসিডজাতীয় দাহ্য তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গৃহবধূর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আজ শনিবার দুপুর ১২টার দিকে শরীফ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
লিপার ভাষ্য, ঘটনার সময় স্বামী ফরিদ মিয়া কর্মসূত্রে নরসিংদী এলাকায় ছিলেন। গতকাল তিনি তাঁর তিন সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বসতঘরের ঝাঁপ ভেঙে তিন ব্যক্তি ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধরেন। অন্য দুজন দরজায় পাহারায় ছিলেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে পানির মতো তরল ঢেলে দেন তাঁরা। এতে তাঁর শরীরে প্রচণ্ড জ্বালা অনুভূত হতে শুরু করলে তিনি চিৎকার করতে থাকেন। পরে লোকজন ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
লিপার পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী ফরিদ মিয়ার দূরসম্পর্কের চাচা রমজান ও নাজিমউদ্দিনের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ রয়েছে। চাচারা ফরিদ মিয়াকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করতে নানা সময় হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় ফরিদ মিয়া গত ২৭ ফেব্রুয়ারি নান্দাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি, নম্বর ১০৭৯) করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসকের পরামর্শে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জেরিন আবদুল্লাহ বলেন, দাহ্য তরলটি অ্যাসিডজাতীয় পদার্থ বলে তাঁর কাছে মনে হচ্ছে। আহত নারীর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা তিনি স্বজনদের জানিয়েছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গৃহবধূর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।