নান্দাইলে চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ময়মনসিংহের নান্দাইল থেকে গতকাল সোমবার দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গরুচোর সন্দেহে চারজনক গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নান্দাইলের বড়াইল গ্রামের মো. মন্তু ওরফে মমতাজ (৫৫) ও খোকন মিয়া (৩৫) এবং তাড়াইলের পুরুরা গ্রামের সেলিম (২৫) ও তাঁর ভাই আলিম মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, গতকাল ভোরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুরা গ্রামের আবদুল কাদির নান্দাইলের পুলিশকে মুঠোফোনে জানান, তাঁর দুটি গরু চুরি করে চোরেরা নছিমনে করে নান্দাইলের দিকে নিয়ে যাচ্ছে। ওই খবর পেয়ে তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল দল মোতায়েন করেন। পরে ওই মহাসড়কের চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরি বন্দ এলাকায় একটি নছিমনে করে দুটি গরু নিয়ে যেতে দেখতে পেয়ে পুলিশ সেটি আটক করে। গরুসহ নছিমনের চার আরোহীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই মো. নুরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা গরু চুরির কথা স্বীকার করেন। পরে গরুর মালিক বাদী হয়ে নান্দাইল থানায় তাঁদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা করেন।