নান্দাইলে ছাত্র হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলাম ভূঁইয়াকে (১৮) পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার রাতে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম ভূঁইয়া নান্দাইল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার আসামিরা হলেন উপজেলার ঝাউগড়া গ্রামের মৃত মহিউদ্দিনের তিন ছেলে আবুল কালাম, আনোয়ার হোসেন ও আবু সাইদ, একই এলাকার মৃত মমতাজ হোসেনের দুই ছেলে শফিকুল ইসলাম ও মিজান; সাইফুল ইসলাম, আশাকুল, আবদুর রশিদের দুই ছেলে জহিরুল ও ওবায়দুল এবং শাহ আলম। পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নানার বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আশরাফুল। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনেরা। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। আশরাফুল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টলারকুড় এলাকার মৃত আবদুল হামিদ ভূঁইয়ার ছেলে এবং নান্দাইল পৌর শহরে অবস্থিত আচারগাঁও ফাজিল মাদ্রাসার ছাত্র।