নান্দাইলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষ পিটিয়ে ছাত্রলীগের এক নেতাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আচারগাঁও ইউনিয়নের টলারকুড় এলাকায় গত শুক্রবার রাতে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। গতকাল শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (১৯)। তিনি আচারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের (একাংশ) ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি টলারকুড় এলাকার মৃত আবদুল হামিদ ভূঁইয়ার ছেলে। তিনি নান্দাইল পৌর শহরে অবস্থিত আচারগাঁও ফাজিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র ছিলেন ।
এলাকার প্রায় ১৫ জন বাসিন্দা জানান, স্থানীয় উদলা বাজারের ইজারা নিয়ে আশরাফুলের মামা মশামায়ুন ও একই এলাকার আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী আবুল কালাম আজাদের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে গত শুক্রবার সকাল থেকে আবুল কালাম ও তাঁর লোকেরা লাঠিসোঁটা নিয়ে নিহত ব্যক্তির বড় ভাই শফিকুল ইসলামকে খোঁজাখুঁজি করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সারা দিন উত্তেজনা বিরাজ করে।
নিহত ব্যক্তির মা ফিরোজা বেগম অভিযোগ করেন, বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে আবুল কালামের লোকজন আশরাফুলকে মাথায় আঘাত করে ও মারধর করে। চিৎকার শুনে তিনি তাঁর অন্য ছেলেমেয়েদের নিয়ে ঘটনাস্থলে যান। তখন অস্ত্রধারীদের মধ্যে কয়েকজন তাঁদের আক্রমণ করতে আসে। বাধা দিতে গেলে তাঁর অপর দুই ছেলে আজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম আহত হন। আর আশরাফুল তাঁদের মারধরে মারা গেছে।
আহত তিনজনকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশরাফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে অভিযুক্ত আবুল কালাম আজাদের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা রেজিয়া খাতুন বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনার পরই পালিয়েছে। অযথাই তাঁর ছেলেকে দোষ দেওয়া হচ্ছে।