নান্দাইলে ছাত্রীকে অপহরণ, তরুণের বিরুদ্ধে অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এসএসসি ফলপ্রত্যাশী এক ছাত্রীকে গত বৃহস্পতিবার রাতে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার এক তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার রাতে মেয়েটি প্রাকৃতিক কাজ সারতে বাড়ির পেছনে যায়। সেখান থেকে এক তরুণ (২২) ও তাঁর কয়েকজন সহযোগী জোর করে কাছের সড়কে অপেক্ষমাণ একটি অটোরিকশায় মেয়েটিকে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যান। চিৎকার শুনে মেয়েটির বাবা বাড়ির পেছনে যান। সেখান থেকে সড়কের দিকে দেখতে পান অটোরিকশাটি চলে যাচ্ছে। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে লোক পাঠিয়ে এলাকার বিভিন্ন স্থানে মেয়েটির খোঁজ করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল থানায় এজাহার দেওয়া হয়।
মেয়েটির বাবা বলেন, ওই তরুণ বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এর মধ্যেই তাঁর মেয়ে এসএসসি পরীক্ষা দেয়। এরপর উত্ত্যক্তকরণের ঘটনাটি ওই তরুণের অভিভাবককে একাধিকবার জানানো হয়। এতে ওই তরুণ ক্ষুব্ধ হয়ে মেয়ের ক্ষতি করবে বলে হুমকি দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল ওই তরুণের মুঠোফোনে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
ওই তরুণের বড় ভাই মুঠোফোনে বলেন, তাঁর ভাই কোনো অপহরণের সঙ্গে যুক্ত নয়।
তরুণটির বাবা বলেন, তাঁর ছেলে চাকরির খোঁজে গত সপ্তাহে ঢাকায় গেছে। ঢাকায় অবস্থান করে কীভাবে একটি মেয়েকে অপহরণ করা সম্ভব।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এজাহারটি তদন্ত করে দেখার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।
থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়াত হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রমাণ ও ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করে মেয়েটির অবস্থান জানার চেষ্টা করছেন। অপহরণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।