নান্দাইলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই দিন পর মামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর গত বৃহস্পতিবার শিশুটির মামি নান্দাইল থানায় একজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার আসামি হলো নান্দাইল পৌরসভার বরবরিকান্দা গ্রামের বজলুর রহমান (৪০)। ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির খালা বলেন, ওই ছাত্রীর বাবা জামালপুরে ও মা ঢাকায় কাজ করেন। এ কারণে সে তার মামার পরিবারের সঙ্গে নান্দাইল থাকে। গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীকে বজলুর রহমান বাড়ির পাশের পাটখেতে নিয়ে ধর্ষণ করে। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে সে বাধ্য হয়ে ঘটনাটি তার খালাকে জানায়। ওই সময় ওই ছাত্রী পরিবারকে জানিয়েছিল ঘটনাটি কাউকে বললে বজলুর তাকে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। এ কারণে ঘটনার পর সে কাউকে কিছু বলেনি। তাই তাৎক্ষণিকভাবে তাঁরা থানায় অভিযোগ দিতে পারেননি।