নান্দাইলে তরুণকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের নান্দাইলে গত বুধবার রাতে আসিফ পারভেজ (২০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, আসিফ কিশোরগঞ্জের ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নান্দাইল উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন।
স্থানীয় কয়েকজন জানান, আসিফ উপজেলার সদর ইউনিয়নের ঝালুয়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। বুধবার রাত আটটার দিকে তিনি বন্ধুদের সঙ্গে নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা মহল্লার অবসর সিনেমা হলের পাশের একটি আবাসিক এলাকায় আড্ডা দিতে যান। একপর্যায়ে সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মহল্লার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আসিফের পেট ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। হাত-পায়ের রগও কেটে দেওয়া হয়েছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মো. নুরুজ্জামান উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ূবুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।