নান্দাইলে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৫
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সংগ্রামখেলি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন কুতুব উদ্দিন (৬৫), তাঁর ছেলে কানন মিয়া (৩৫), ছেলের স্ত্রী মর্জিনা (৩০), মোতালেব মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী পারুল (৪৫)। তাঁদের প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংগ্রামখেলি গ্রামের দুজন বাসিন্দার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, ওই গ্রামের কুতুব উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মোতালেব মিয়ার পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে আজ সন্ধ্যায় বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে স্থানীয় লোকজন সংঘর্ষ থামায়। এতে কুতুব উদ্দিনসহ তাঁর পক্ষের তিনজন ও মোতালেবসহ দুজন আহত হন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, দীর্ঘ দিন ধরে এই দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। এরই জের ধরে আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।