নান্দাইলে দোকানে ঢুকে দুজনকে বেঁধে লুটপাট
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারের ঘাট বাজারে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
তারের ঘাট বাজারটি উপজেলার মুশুলি ইউনিয়নে। বাজারের দক্ষিণে বালু, পাথর ও বিটুমিন বিক্রির তামান্না এন্টারপ্রাইজে এই লুটপাটের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর হোসেন ও তাঁর বন্ধু মো. শরীফুল হায়দারের হাতে হাতকড়া পরানো। হাতকড়াটি জানালার গ্রিলের সঙ্গে আটকানো। বাইরে প্রায় তিন-চার শ লোকের ভিড়। তখনো পুলিশ আসেনি।
আলমগীর বলেন, শনিবার বেচাকেনা শেষে দোকানের ভেতরে বসে তিনি ও তাঁর বন্ধু শরীফুল টিভি দেখছিলেন। এ সময় চারজন লোক দোকানের ভেতরে ঢুকে শাটার নামিয়ে দেয় এবং তরল পদার্থ ছিটিয়ে (স্প্রে) দেয়। এতে তাঁদের চোখ জ্বালা করতে শুরু করে। ওই চারজন নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেয়। থানায় যেতে হবে বলে তাঁদের দুজনকে হাতকড়া পরিয়ে দেওয়া হয়।
কী অপরাধে জানতে চাইলে দলটির এক সদস্য কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে তাঁর (আলমগীর) মাথায় ঠেকায়। পরে অস্ত্রধারীর ইশারায় মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের দুজনকে কিলঘুষি মারতে থাকেন। এ ঘটনায় তাঁরা ভয় পেয়ে যান। পরে দুজনের হাতকড়া জানালার গ্রিলের সঙ্গে আটকে দেওয়া হয়। পরে দলটির সদস্যরা লাখখানেক টাকা, শরীফুলের গলার স্বর্ণের চেইন, চারটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
জুয়েল মিয়া ও হুমায়ুন কবীর নামের স্থানীয় দুজন বলেন, আলমগীরের চিৎকার শুনে লোকজন ছুটে আসে ও পুলিশে খবর দেয়।
শরীফুল হায়দার বলেন, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। লুটে নেওয়া মোটরসাইকেলটি ছিল তাঁর কোম্পানির।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এটি দস্যুতা। প্রতিষ্ঠানের মালিক আলমগীর গত রাতেই মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।