নান্দাইলে পরীক্ষাকেন্দ্রে অবাধে নকল সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে অবাধে নকল সরবরাহ করা হচ্ছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে নকল সরবরাহ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পরীক্ষার কক্ষগুলোর ভেতরে বহিরাগত লোকজনের অবাধে যাতায়াত। কক্ষগুলোয় ঢুকে তারা পরীক্ষার্থীদের হাতে প্রশ্নের উত্তর লেখা কাগজ (নকল) পৌঁছে দিচ্ছে।
১০৫ নম্বর কক্ষের দুজন পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা একাধিকবার বাধা দিয়ে গালিগালাজ ও প্রচ্ছন্ন হুমকি পেয়েছেন। বহিরাগত ব্যক্তিদের হাতে লাঞ্ছিত হওয়ার ভয় নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাঁরা দাবি করেন, উপজেলা সদরে হওয়ায় এ কেন্দ্রে নকল তুলনামূলকভাবে কম হচ্ছে। উপজেলার বাকি দুটি কেন্দ্রের পরিস্থিতি আরও খারাপ।
হল তত্ত্বাবধায়ক নাসির উদ্দিন বলেন, এই কেন্দ্রে ৭৫৭ জন পরীক্ষা দিচ্ছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করছেন। কেন্দ্রে অবাধে নকল সরবরাহ প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে চাননি।
সরেজমিনে আরও দেখা যায়, পুরো কেন্দ্রে আমিনুল ইসলাম নামের একজন পুলিশ কনস্টেবল একটি লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টির পশ্চিম দিকে ‘অ্যাসেম্বলি হল’ নামের একটি কক্ষের পেছন দিয়ে কয়েকজন বহিরাগত জানালা দিয়ে নকল কক্ষের ভেতরে পৌঁছে দিচ্ছে। সেখানে গিয়ে কনস্টেবল আমিনুল বহিরাগত ব্যক্তিদের তাড়িয়ে দেন। এ কাজ শেষে পরীক্ষাকেন্দ্রের ফটক আগলে দাঁড়ানোর সময় ভেতরে প্রবেশ করতে বাধা পেয়ে নান্দাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুন্নাহার লাকি ওই কনস্টেবলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। কেন্দ্রের ভেতরে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ক্ষোভ প্রকাশ করে চলে যান।
তিনতলা ভবনটির পেছনে গিয়ে দেখা যায়, বহিরাগত লোকজন নিচতলায় হাতে করে ও দোতলার জানালা লক্ষ্য করে ঢিল আকারে ছুড়ে দিয়ে ভেতরে নকল পৌঁছে দিচ্ছে। এ সময় সরকারি দলের সাত-আটজন নেতা-কর্মী ও সমর্থককে কেন্দ্রের ভেতরে অবাধে চলাচল করতে দেখা যায়। কথা বলার জন্য কাছাকাছি গেলেই এ প্রতিনিধিকে দেখে তাঁরা অন্যদিকে সরে যান।
পরীক্ষাকেন্দ্রের ভেতরে অবাধে বহিরাগত ব্যক্তিদের ঘোরাফেরা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রের সচিব ও চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহমেদ বলেন, ‘কিছুদিন আগেও একটি ছাত্রসংগঠনের কিছু নেতা-কর্মীর হাতে নিজের কক্ষে অপমানিত হয়েছি। এখন নতুন করে ঝুঁকি নিতে চাই না।’