নান্দাইলে প্রকাশ্যে চলছে জুয়া, নীরব পুলিশ
গ্রামের পাশে একটি খাল। তার পাশে শামিয়ানা টাঙিয়ে কয়েক মাস ধরে প্রকাশ্যে চলছে জুয়ার আসর। পুলিশ বলছে, এ বিষয়ে তাদের কেউ জানায়নি। কিন্তু গ্রামবাসী, এমনকি ক্ষমতাসীন দলের কিছু নেতা বলছেন, তাঁরাও এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর নামের ওই গ্রামে গত বুধবার গিয়ে জুয়ার আসর বসানোর প্রমাণ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক শ্রী তরণির বাড়ির পেছনে একটি খাল। সেই খালের পাড়ের জায়গাটি পরিষ্কার করে বাঁশের খুঁটি পুঁতে তার ওপর পলিথিনের শামিয়ানা টাঙানো হয়েছে। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন কিছু লোক। তাঁরা বলেন, রাত হলে এখানেই বসে জুয়ার আসর। চলে ভোররাত পর্যন্ত।
স্থানটির কাছাকাছি একটি মরিচখেতে কীটনাশক ছিটাচ্ছিলেন একজন কৃষক। জুয়া খেলার বিষয়ে জানতে চাইলে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘কথা কইলেই তো বিপদ। যারা খেলা চালায় তারা তো সরকারি দলেরই লোক। তারা খুবই ক্ষমতাশালী।’ এ সময় ওই কৃষকের স্ত্রী এগিয়ে এসে স্বামীকে কথা বলতে বারণ করলে তিনি চুপ হয়ে যান।
তবে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা নুরুল ইসলাম ভান্ডারি খোলামেলাভাবেই অভিযোগ করলেন। তিনি বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় জুয়াড়িদের আনাগোনা দেখা যায়।
এলাকার আটজন বাসিন্দা বলেন, দত্তপুর গ্রামের শাহজাহান ওরফে ঘষা শাহজাহান নামের এক ব্যক্তি জুয়ার আসরটি চালাচ্ছেন। তিনি দলীয় কোনো পদে না থাকলেও আওয়ামী লীগের মিছিল-সমাবেশের নিয়মিত মুখ। গ্রামে খোঁজ করলেও শাহজাহানকে পাওয়া যায়নি। তবে নান্দাইল সদরে দেখা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ওটা জুয়ার আসর নয়। মাঝেমধ্যে বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে বসি আর কি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান কবীর বলেন, জুয়ার আসর চলার বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ সময়মতো যায় না।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি নিজে একাধিকবার থানায় ফোন করেও এ বিষয়ে পুলিশের সহায়তা পাননি।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, পুলিশ একবার আসরটি ভেঙে দিয়েছিল। আবার জুয়া চলার বিষয়টি তাঁকে কেউ জানায়নি। তিনি উল্টো এ প্রতিবেদককে বলেন, ‘জুয়ার আয়োজকদের নাম-ঠিকানা আপনার জানা থাকলে আমাকে দিয়েন। তাদের ধরে আনা হবে।’