নান্দাইলে প্রবাসীর সন্তান নিখোঁজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের মুশুলি গ্রামের এক সৌদিপ্রবাসীর শিশুসন্তান গত সোমবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। তাসিন (৭) নামের ওই শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। তার বাবার নাম আবদুল কাইয়ুম।
গতকাল মঙ্গলবার মুঠোফোনে আবদুল কাইয়ুম এ প্রতিবেদককে বলেন, তিনি ১২ বছর ধরে কর্মসূত্রে সৌদি আরব থাকেন। বছরে একবার দেশে আসেন। সম্প্রতি তিনি এক মাসের ছুটি পেয়ে দেশে এসেছেন। গত সোমবার সকালে তাসিন ঘুম থেকে উঠে বাড়ির সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দিকে যায়। পরে সে আর বাড়িতে ফেরেনি। দিনভর খোঁজ করেও ছেলের সন্ধান পাননি। পরে নিখোঁজের সংবাদটি এলাকায় মাইকযোগে প্রচার করেন।
কাইয়ুম আরও বলেন, তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলেটি ছোট। প্রবাসী হওয়ায় এলাকার লোকজনের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তিনি আরও বলেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মুঠোফোনে একটি কল আসে। অপরিচিত এক ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে জানায়, তাসিন তাঁর কাছে আছে এবং ভালো আছে বলে জানায়। ওই ব্যক্তি রাত নয়টার দিকে আবার ফোন করবে বলে সংযোগ কেটে দেয়। পরে তিনি ফোনের জন্য অপেক্ষা করলেও ফোন আসেনি। ওই নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। রাতেই তিনি এক আত্মীয়কে সঙ্গে নিয়ে নান্দাইল মডেল থানায় জিডি করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, যে ব্যক্তি নিখোঁজ শিশুর বাবাকে ফোন করেছিল সে প্রতারকও হতে পারে। কারণ শিশুর বাবা মুঠোফোনধারীর কাছে তাসিনের উপস্থিতি নিশ্চিত হতে পারেননি। বিষয়টি তাঁরা তদন্ত করছেন।